পরিচালকের ‘মেকআপ’ ভাবনা আমার খুব পছন্দ হয়েছে

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১০:৩১ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক রোশান। জিন সিনেমার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। এখন কাজ করছেন অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘মেকআপ’-এ। এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

‘মেকআপ’-এ আগ্রহী হলেন কেন?

আমি দর্শক হিসেবে ইমোশনাল গল্প দেখতে খুব পছন্দ করি। কিছু গল্প আবেগ নিয়ে খেলতে পারে। এই সিনেমার গল্প তেমনি ইমোশনাল। লাইট ক্যামেরায় আবদ্ধ সেলিব্রেটিদের জীবন। মেকআপের কারণে সেলিব্রেটিরা জীবনের অনেক সত্যই লুকিয়ে রাখেন। চলচ্চিত্রে যারা শিল্পী তার শুধু তাদের ক্যারিয়ারের কথা ভেবে অনেক সময় গোপন করে রাখে সংসার ও সাধারণ জীবনের অনেক সত্য। কিন্তু দিন শেষে সবাইকে ফিরে যেতে হয় তার আপন ঠিকানায়। সেখানে মেকআপের আবরণ থাকে না, থাকে শুধু সত্য। মেকআপ দিয়ে সব লুকানো গেলেও কষ্ট আর আবেগ লুকানো যায় না। গল্পের পাশাপাশি সিনেমাটি নিয়ে পরিচালক অনন্য মামুনের যে ভাবনা তা আমার খুব পছন্দ হয়েছে। আরেকটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তা হলোÑ এ সিনেমার গান। সাধারণত কোনো সিনেমা মুক্তির আগেভাগে তার গান নিয়ে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে আলোচনা হয়। প্রথমবার শুনেই খুব পছন্দ করেছি। এক কথায় গানগুলো আমাকে মুগ্ধ করেছে। এসব কারণেই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি।

 

এ সিনেমায় আপনার সঙ্গে কলকাতার অভিনেত্রী পায়েল মুখার্জিকে দেখা যাবে। তাকে নিয়ে কিছু বলুন...

তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। তবে এর আগেও আমি দেব, রু²ীনিসহ কলকাতার অনেক তারকার সঙ্গে কাজ করেছি। পায়েলও অন্যদের মতো প্রফেশনাল। আশা করছি আমাদের জুটি দর্শক পছন্দও করবেন।

‘বেপরোয়া’, ‘জিন’ ও ‘মেকআপ’ তিনটি সিনেমার গল্প তিন রকম। গল্পের ভিন্নতা কি সচেতনভাবেই...

একদম। একই চরিত্রে দর্শক কাউকে বেশিদিন দেখতে পছন্দ করেন না। তাই আমি একেক সিনেমায় একেক রকম চরিত্রে হাজির হতে চাই। বেপরোয়া ছিল পুরোপুরি অ্যাকশন ঘরানার। অ্যাকশন হিরো হিসেবে দর্শক আমাকে পছন্দ করেছেন। জিনের গল্প একেবারেই বাংলাদেশের। লৌকিক মেজাজ আছে। আর মেকআপ খুবই ইমোশনাল। আশা করছি সব ধরনের গল্পেই দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করবেন।

বড়পর্দায় অচিরেই কি দেখা যাবে?

নিয়মিত সিনেমার কাজ করছি। ‘জিন’-এর কাজ প্রায় শেষ। ‘মেকআপ’ শুরু হবে

শিগগিরই। পরিচালকের ইচ্ছা এ সিনেমাটি নভেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেওয়ার। সব ঠিক থাকলে এ সিনেমা দিয়েই দর্শকের সামনে সবার আগে হাজির হবো। এছাড়া ইফতেখার চৌধুরীসহ বেশ কজন পরিচালক ও প্রযোজকের সঙ্গে কথা হচ্ছে। শিগগিরই আরও কিছু ভালো খবর দিতে পারব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত