বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নরওয়ে, সুইডেনসহ ইউরোপের দেশগুলো। বাংলাদেশের টেলিকমিউনিকেশন সেক্টরসহ বিভিন্ন সেক্টরে বিনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সহযোগিতা চেয়েছে নরওয়েসহ অন্য দেশগুলো। এ সময় উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবসময়ই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে বলে আশ্বস্ত করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
গতকাল রবিবার বাংলাদেশে নিযুক্ত বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেøকেন, সুইডিশ রাষ্ট্রদূত শার্লাটা সিক্লটার এবং ডেনিস রাষ্ট্রদূত উইননি এস্ট্রুপ পিটারসেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তারা বিনিয়োগে সহযোগিতা চাইলে তাদের সহযোগিতার আশ্বাস দেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, সফলভাবে এমডিজি অর্জনের পর এখন আমরা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে আমাদের ছিল প্রবৃদ্ধি ৮.১৩%; যা বিশ্বের অন্যতম শীর্ষ এবং আগামীতে এই ধারা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।
নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বেøকেন টেলিকমিউনিকেশন সেক্টরে নরওয়ের বিনিয়োগের কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। এছাড়া আরও বিভিন্ন সেক্টরে বিনিয়োগের লক্ষ্যে বিডার সহযোগিতা চান।
এ সময় সুইডিশ রাষ্ট্রদূত শার্লাটা সিক্লটার এবং ডেনিস রাষ্ট্রদূত উইননি এস্ট্রুপ পিটারসেন স্বাস্থ্যসেবা, সহজে বিনিয়োগ, ইজ অব ডুয়িং বিজনেস, দ্রুত রেজিস্ট্রেশন, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন বিনিয়োগসেবা নিয়ে আলোচনা করেন।’
