যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে সংগঠনের দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে। গতকাল রবিবার ভোরে র্যাবের হাতে তারা আটক হওয়ার পর সংগঠনটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ দেশ রূপান্তরকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাট ও আরমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গতকাল ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করে র্যাব। সম্রাটের বিরুদ্ধে রাজধানীর ক্লাবপাড়াসহ বিভিন্ন স্থানে জুয়ার আসর ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে।
