আগের মাচে পারেননি। সেই আক্ষেপ পরের ম্যাচেই ঘোচালেন মাহমুদুল হাসান জয়। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯৯ রানে ফিরেছিলেন জয়। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে ওই হতাশা ভুললেন। তার ব্যাটে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ যুবারা ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে স্বাগতিকরা করে ৮ উইকেটে ২২৩ রান। জবাবে মাহমুদুল হাসান জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ৭৯ বল বাকি থাকতে সহজ জয় পায় আকবর আলির দল। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১১ রানে ফেরেন অনিক সরকার (১) । দ্বিতীয় উইকেটে জয়ের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান। ৬৪ বলে ৬৫ করে ফেরেন তানজিদ। তার ইনিংসে ছিল ৮ চার ও ১ ছক্কা। এরপর তৌহিদ হৃদয়কে সঙ্গে করে জয় নিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল হাসান জয়। আগের ম্যাচে ৯৯ রানে আউট হয়েছিলেন জয়। সেটি ছিল যুব ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হওয়ার ঘটনা। যুব ওয়ানডে ইতিহাসে যা ছিল পঞ্চম। সেই দুঃখ ঘোচালেন গতকাল। ৯৫ বলে ১০৩ রানে অপরাজিত ইনিংস খেলে। জয়ের ইনিংসে ছিল ১৬ চার ও ১ ছক্কা। হৃদয়ও তুলে নেন অর্ধশতক। ৫৯ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি।
তার আগে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লড়েছেন ফেরগাস লেলম্যান। ১৩৩ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৩ রান করেন নয় নম্বরে খেলতে নামা হেইডেন ডিকসন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২টি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। একটি উইকেট নেন শরিফুল ইসলাম। কাকতালীয় ব্যাপার হলো এই ম্যাচে দুই দলের তিন নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। জয় ও লেলম্যান দুজনই নিজ নিজ ইনিংসে তিনে নেমেছিলেন। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
