ইন্তারকে হারিয়ে শীর্ষে জুভেন্তাস

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০১:০৭ এএম

ইতালিয়ান লিগ সিরি আ’তে চলতি মৌসুমে ইন্তার মিলানকে প্রথম হারের স্বাদ দিল জুভেন্তাস। সানসিরোতে রবিবার রাতে ইতালিয়ান ডার্বিতে নামে দুই দল। উত্তেজনার ম্যাচে ইন্তারকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্তাস। আর্জেন্টাইন তারকা গনজালো হিগুয়েইনের গোলে জয় পায় মরিসিও সারির দল। এই জয়ে ইন্তারকে টপকে লীগ টেবিলের শীর্ষে ফিরেছে তুরিনের ওল্ড লেডিরা।

ইন্তারের সামনে সুযোগ ছিল জিতে জুভেন্তাসের সঙ্গে ব্যবধান বাড়ানোর। পুরো ম্যাচে ছিল দু’দলের আর্জেন্টাইন খেলোয়াড়দের দাপট। ম্যাচের তিন গোল করেন আর্জেন্টাইন তিন তারকা। শুরুটা করেন পাওলো দিবালা। চতুর্থ মিনিটে জুভেন্তাসকে এগিয়ে দেন তিনি। তবে গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ম্যাথিয়াস ডি লিখট নিজেদের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে ইন্তারকে সমতায় ফেরান লুতারো মার্টিনেজ। বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একবার তো জালে বলও জড়িয়েছেন। কিন্তু অফসাইডের কারণে বাদ হয় গোলটি। আক্রমণ-পাল্টাআক্রমণে চলতে থাকে লড়াই। ৮০ মিনিটে জুভেন্তাসের জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা হিগুয়েইন। রদ্রিগো বেন্তাসুরের পাস থেকে সহজেই স্কোরশিটে নাম তোলেন এই স্ট্রাইকার।

ম্যাচ শেষে হতাশ আন্তোনিও কন্তে বলেন, ‘সব দিক বিবেচনা করলে জুভেন্তাস অন্য ক্যাটাগরিতে পড়ে। তাদের সঙ্গে আমাদের তুলনা হয় না।’ ম্যাচের জয়সূচক গোলটি করা হিগুয়েইন বলেন, ‘জুভেন্তাসের জন্য এটা দারুণ এক ম্যাচ ছিল। ইন্তার ছয় ম্যাচ (লিগে) জিতে এসেছিল কিন্তু আমাদের লক্ষ্য ছিল জয় এবং ভাগ্যক্রমে আমরা তা পেরেছি।’

এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পেল জুভেন্তাস। সমান ম্যাচে ইন্তারের পয়েন্ট ১৮।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত