‘প্রতিবাদ করলেই তাকে পিটিয়ে মারতে হবে?’

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০২:২৪ এএম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দেশবিরোধী চুক্তির প্রতিবাদ যে কেউ করতে পারে। তাই বলে তাকে পিটিয়ে মারতে হবে? বুয়েটে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নিহত আবরার ফাহাদের মৃতদেহ দেখতে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়ে তিনি এসব কথা বলেন। 

সোহেল অভিযোগ করে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির অসংগতি সামাজিক  যোগাযোগমাধ্যম ফেইসবুকে তুলে ধরায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, বুয়েট শিক্ষার্থী আবরারের হত্যার ঘটনা শুনে আমি স্তব্ধ। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কী কারণে তাকে জীবন দিতে হলো? এদেশের ১৬ কোটি মানুষকে অন্ধকারে রেখে কিছু চুক্তি করেছে তারা (আওয়ামী লীগ)। দেশের স্বার্থবিরোধী সেই চুক্তির প্রতিবাদ করতেই পারে মানুষ। আর বুয়েটের ছাত্ররা তো মেধাবী। তারা তো প্রতিবাদ করবেই।

তিনি বলেন, আমার মনে হয় না পৃথিবীর কোনো অভিধানে এমন কোনো শব্দ আছে যেখানে এই ঘৃণ্য ও জঘন্য ঘটনার প্রতিবাদ জানানো যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত