চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী। প্রাণিদেহে অক্সিজেনের উপস্থিতির পর কোষের সাড়াদানের প্রক্রিয়া নিয়ে গবেষণা করে নোবেল জিতেছেন তারা। তাদের এই গবেষণা মানবদেহের রক্তস্বল্পতা ও ক্যানসারের মতো রোগের চিকিৎসায় নতুন দিশা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নোবেল প্রাইজ কমিটি।
গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০১৯ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের উইলিয়াম কাইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজার ও যুক্তরাজ্যের স্যার পিটার জে র্যাটক্লিফের নাম ঘোষণা করে।
এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্সিজেনের মাত্রা কমে গেলে প্রাণীর শরীর কীভাবে সাড়া দেয় সে বিষয়টিই ছিল তাদের গবেষণার মূল বিষয়। যখন শরীরে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়; তখন হরমোন এরিথ্রোপয়েটিন (ইপিও) বেড়ে যায়। তখন এটি লোহিত রক্ত কণিকা উৎপাদন বৃদ্ধি করে, যা পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করে। এ ছাড়া যখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন প্রোটিনের কমপ্লেক্স (এইচআইএফ) বৃদ্ধি পায়। অক্সিজেন সরবরাহ যখন স্বাভাবিক পরিস্থিতিতে থাকে তখন এইচআইএফ দ্রুত কমতে থাকে।
ওই তিন গবেষক পৃথকভাবে দেখেছেন, হরমোন এরিথ্রোপয়েটিনের জন্য জিনের কাছে ডিএনএ সেগমেন্টে প্রোটিনের কমপ্লেক্স গুরুতরভাবে অবস্থান করে এবং জিনের এক্সপ্রেশন ও ইপিওর মাত্রা নিয়ন্ত্রণ করে।
মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজে লাগিয়ে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন এবং জাপানের তাসুকু হোনজো গত বছর চিকিৎসাবিজ্ঞানের নোবেল পান।
কোন নোবেল কবে ঘোষণা
৮ অক্টোবর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, ৯ অক্টোবর বুধবার রসায়ন, ১০ অক্টোবর বৃহস্পতিবার সাহিত্য, ১১ অক্টোবর শুক্রবার শান্তি ও ১৪ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হবে।
এ বছর ২০১৮ ও ১৯ সালের সাহিত্য পুরস্কারের নাম একসঙ্গে ঘোষণা হবে।
