বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে শিবিরকর্মী সন্দেহে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। পরে ওই দিন রাত তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এমন অসভ্য ও বর্বরোচিত ঘটনায় আসক গভীরভাবে মর্মাহত। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে হত্যা করার অধিকার কারও নেই।
ছাত্রলীগের বেপরোয়া আচরণ ও ক্ষমতার অপব্যবহার রোধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানায় আসক। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আবরার হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
