জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশগ্রহণ ও চার দিনের ভারত সফর নিয়ে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাপ্রধানের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ অংশ নিতে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নয়া দিল্লি সফর করেন। প্রধানমন্ত্রী তার প্রতিটি সরকারি সফর শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। চার দিনব্যাপী সফরের প্রথম দিন বৃহস্পতিবার হোটেল তাজ প্যালেসের দরবার হলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়া ইকোনমিক সামিটে বাংলাদেশবিষয়ক কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রধানমন্ত্রী বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হলে তার সম্মানে একটি সংবর্ধনা এবং বাংলাদেশ হাইকমিশন আয়োজিত বাংলাদেশ হাউজে একটি নৈশভোজে যোগ দেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার ভারতের শীর্ষ স্থানীয় সিইওদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেন শেখ হাসিনা। এছাড়া তিনি বাংলাদেশ-ভারত বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠান এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সমাপনী অধিবেশনেও যোগ দেন।
তৃতীয় দিন শনিবার নয়া দিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয় দেশের মধ্যে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় দুই প্রধানমন্ত্রী যৌথভাবে তিনটি প্রকল্প উদ্বোধন করেন। একই দিনে তিনি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওইদিন সন্ধ্যায় শেখ হাসিনা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি হিসেবে নয়া দিল্লিতে ‘ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮’ গ্রহণ করেন।
এর আগে শনিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সফরকালীন আবাসস্থলে সাক্ষাৎ করেন। একই দিনে শেখ হাসিনা একটি সরকারি মধ্যাহ্নভোজে যোগ দেন এবং হায়দরাবাদ হাউজের দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
