ভারতের শামি চাইলেও পাক পেসাররা পরামর্শ চায় না: শোয়েব

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০৩:৩০ পিএম

ইংল্যান্ড বিশ্বকাপের পর পরই ভারতের পেসার মোহাম্মদ শামি পরামর্শ চেয়ে ফোন করেছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ অনেকটা আক্ষেপ করে বললেন অন্য দেশের পেসাররা পরামর্শ চায়লেও নিজ দেশের কোনো পেসার তার কাছে পরামর্শ চায় না।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হতাশাজনক পরাজয়ের পর তার সঙ্গে যোগাযোগ করেন শামি।

“শামি একদিন আমাকে ফোন করে বলে, ভারতের হয়ে ভালো করতে না পেরে তার খারাপ লাগছে। আমি তাকে আত্মবিশ্বাস না হারাতে বলি, ফিটনেস ধরে রাখতে বলি। আমি তাকে বলি হোম সিরিজ আসছে। তুমি ভালো করবে।”

“আমি, ওকে পুরোপুরি ফাস্ট বোলার হিসেবে দেখতে চাই। ওর হাতে রিভার্স সুইং রয়েছে, যা উপমহাদেশে লাক্সারি। বলেছিলাম, তুমি রিভার্স সুইংয়ের রাজা হয়ে উঠতে পারো।”

বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে রিভার্স সুইংয়ের কারিকুরি দেখিয়েছেন শামি। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। তার মধ্যে চারটিই বোল্ড।

টেস্টটিতে শামির পারফরম্যান্স তুলে ধরে শোয়েব বলেছেন, “আপনারা দেখেছেন, ও কী করার ক্ষমতা ধরে। বিশাখাপত্তনমের ফ্ল্যাট উইকেটে ও সাফল্য পেয়েছে। আমি ওর জন্য খুব খুশি।”

তবে পাকিস্তানের পেসাররা তার থেকে পরামর্শ না চাওয়ায় হতাশা প্রকাশ করে শোয়েব বলেন, “দুঃখের বিষয় হল, পাক ফাস্ট বোলাররা। নিজেদের কিভাবে উন্নতি করবে, তা জানতে চায় না কেউ। কিন্তু ভারতীয় বোলাররা তা করে। এই শামিই যেমন। আমার দেশের পরিস্থিতি তাই উদ্বেগের।”

“নতুনদের নাসিম শাহ, মুসা খান ও হারিস রউফ...তারা বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বোলার হতে পারে। আমি খুব করে চাই, পরামর্শের জন্য তারা আমার কাছে আসুক। আমি তাদের পুরোপুরি ফাস্ট বোলার বানাতে চাই, যাতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের নাম প্রতিষ্ঠা করতে পারে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত