পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে সম্প্রতি ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে জানমালের ব্যাপক ক্ষতি হয়। আজাদ কাশ্মীরের সেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার আদিল রশিদ।
৩১ বছর বয়সী ইংলিশ লেগ স্পিনার ত্রাণ নিয়ে হাজির হয়েছিলেন আজাদ কাশ্মীরে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করা এক পোস্টে পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিক যার বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
এ সময় আদিল রশিদ বলেন, আজাদ কাশ্মীরের মিরপুরের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। আমার বাবা-মা এখানে জন্মগ্রহণ করেছিলেন। এখানের মানুষের প্রতি কিছু করার ইচ্ছা আমার অনেক আগে থেকেই ছিল। তাদের বিপদের মুহূর্তে পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আদিল রশিদ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। ২০০৯ সালে তার ইংল্যান্ডের জার্সিতে অভিষেক। এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন। তিন ফরম্যাট মিলে ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান তার নামের পাশে।
