অস্ট্রেলিয়ার টি২০ দলে স্মিথ-ওয়ার্নার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৩:৫১ এএম

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে। চলতি মাস ও আগামী মাসে হতে যাওয়া সিরিজ দুটির জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় সাড়ে তিন বছর পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্টিভেন স্মিথ। এছাড়া আছেন ডেভিড ওয়ার্নার। বাদ পড়েছেন মার্কাস স্টয়নিসের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

২০১৬ সালে ভারতের মোহালিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন স্মিথ। অ্যাশেজের অতি মানবীয় ব্যাটিংয়ের পর টি-টোয়েন্টি দলেও ডাক মিলল তার। ২০১০ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের পর ছয় বছরে মাত্র ৩০টি ম্যাচ খেলেছেন তিনি। তবে টেস্ট ও ওয়ানডের মতো অত সমৃদ্ধ রেকর্ড টি-টোয়েন্টিতে নেই স্মিথের। ২৫ ইনিংসে ২১.৫৫ গড়ে রান ৪৩১। এদিকে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওয়ার্নারও। বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যান সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। গত মার্চে কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা কাটানোর পর এবারই প্রথম টি-টোয়েন্টি দলে ফিরলেন স্মিথ ও ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। স্টিভ সব ধরনের ফরম্যাটে বিশ্বমানের, আর ওয়ার্নার টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। এই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সে (ওয়ার্নার) সর্বোচ্চ রান সংগ্রাহক।’

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ২-০তে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেই দলের মাত্র ৭ খেলোয়াড় আছে শ্রীলঙ্কা, পাকিস্তান সিরিজের দলে। ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে স্টয়নিস মাত্র ৮৭ রান করেন। দলে ফিরেছেন বেন ম্যাকডারমট। অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ২৭ অক্টোবর অ্যাডিলেড ওভালে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৩০ অক্টোবর ও ১ নভেম্বর। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে একদিন বিরতি দিয়ে আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ফিঞ্চের দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৩ নভেম্বর। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৫ নভেম্বর ও ৮ নভেম্বর।

অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন এগার, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, অ্যাস্টন টার্নার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত