প্রায় দুই মাস পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ইন্ডিয়া টুডেকে বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে গত বৃহস্পতিবার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।
তবে আবাসিক এলাকায় এখনো আগের বিধিনিষেধ রয়েছে। মোবাইল এবং ইন্টারনেট ফেরেনি। এমন প্রেক্ষাপটে গত সোমবার বিধিনিষেধ তুলে নিয়ে অন্য ভারতীয়দের মতো কাশ্মীরিদের অধিকার নিশ্চিতে
সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক হাউজ কমিটি। কমিটি বলছে, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় কাশ্মীরিদের প্রাত্যহিক জীবনযাত্রা ও সেবা কার্যক্রমে ভয়াবহ প্রভাব পড়েছে।
কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, ‘কাশ্মীরিরা বিশ্বে একা নন। প্রয়োজন হলে আমরাও ভূমিকা রাখব।’ আর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, ‘কাশ্মীর পাকিস্তানের রক্ত। যাই হোক না কেন আমরা তাদের সঙ্গে থাকব।’
এদিকে পাকিস্তানি ড্রোন পাঞ্জাবে প্রবেশের পর সীমান্তে ভারতীয় বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। এনডিটিভি বলছে, পুলওয়ামার আওনতিপুরায় ‘বন্দুকযুদ্ধে’ এক অনুপ্রবেশকারী নিহত হয়েছে। গত ৫ আগস্ট সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরিদের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার।
