দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে রুখে দিল ওমান

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:১০ পিএম

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ওমান অনূর্ধ্ব-১৯ দলকে কে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে রুখে দিয়েছে অতিথি দল। ড্র হয়েছে দুই দলের ম্যাচটি।

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয় বাংলাদেশ ও ওমানের মধ্যকার ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি।

এদিন ওমান নিজেদের অনেকটাই গুছিয়ে নেয়। প্রথম দুই কোয়ার্টারে দুই দলের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১২ মিনিটে ওমানের রাশেদ আল ফাজারির ওয়ান অন ওয়ান চান্স ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর।

দ্বিতীয় কোয়ার্টারে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পায় বাংলাদেশ। তবে রাজীব দাসের শট ফিরিয়ে দেন ওমান গোলরক্ষক ইদ্রিস আল বুলুশি। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

৩৪ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ওমান। ৪১ মিনিটে ফাজারির ফিল্ড গোল থেকে নিজের দ্বিতীয় গোল আদায় করে। ফলে ২-১ এ লিড পায় ওমান। তবে ৪৩ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ২-২ এর সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বৃহস্পতিবার কোনো খেলা নেই। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। একই মাঠে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত