ত্রৈমাসিক রিপোর্ট প্রকাশ

প্রবৃদ্ধি অর্জনে ঝুঁকি উচ্চ খেলাপি ঋণ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:৪১ পিএম

চলতি অর্থবছর ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। চলতি অর্থবছরের বাজেটেও ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে সরকার। তবে উচ্চ খেলাপি ঋণ ব্যবস্থাপনা, আমানত প্রবৃদ্ধি কমে যাওয়ার কারণে ব্যাংকগুলোর তারল্য সংকট বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮ দশমিক ২ শতাংশ অর্জন করার মতো শক্তিশালী অবস্থায় রয়েছে। মূল্যস্ফীতির হার বাজেটে প্রাক্কলিত হারের চেয়ে কম হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। চলতি অর্থবছর ৫ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি প্রাক্কলন করা হয়েছে।

তবে বাহ্যিক কিছু বিষয় বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব প্রবৃদ্ধির ধীরগতি, চলমান বাণিজ্যযুদ্ধ এবং ব্রেক্সিট ঘিরে চলমান অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক টেনশন এক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত অর্থবছর বাংলাদেশ ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, আগের অর্থবছর যা ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত