আবারও জেড ক্যাটাগরিতে আরএন স্পিনিং মিলস

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১০:৪৩ পিএম

মামলা জটিলতায় লভ্যাংশ দিতে না পারায় ২০১২ সাল থেকে টানা তিন বছর জেড ক্যাটাগরিতে ছিল আরএন স্পিনিং মিলস। প্রায় তিন বছর পর আবারও সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এ কোম্পানিটি। অগ্নিকা-ের কারণে ছয় মাস ধরে কোম্পানির কারখানা বন্ধ থাকায় কোম্পানির শেয়ার লেনদেনের জন্য আবারও ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল ডিএসই এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

২০১০ সালে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত রাইট শেয়ার জালিয়াতি সংক্রান্ত মামলার কারণে লভ্যাংশ দিতে না পারায় জেড ক্যাটাগরিতে স্থান পায়। পরবর্তী সময়ে ২০১৬ সালে পুনরায় লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে ফিরে আসে কোম্পানিটি। তবে গত ছয় মাস ধরে কারখানা বন্ধের কারণে আবারও ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।   

আজ ১০ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন কার্যকর হবে বলে ডিএসই জানিয়েছে। এর ফলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। এছাড়া কোম্পানির শেয়ার লেনদেনও দীর্ঘমেয়াদে নিষ্পত্তি হবে। এক্ষেত্রে লেনদেনের সঙ্গে অতিরিক্ত আরও আট কার্যদিবস লাগবে এ কোম্পানির শেয়ার লেনদেনযোগ্য হতে। অন্য ক্যাটাগরির শেয়ারে বিক্রয়যোগ্য হতে সর্বোচ্চ তিন কার্যদিবসের প্রয়োজন হয়।  

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল কুমিল্লা ইপিজেডে অবস্থিত আরএন স্পিনিংয়ের কারখানায় আগুন লাগার পর থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। আগুনে কারখানার বেশিরভাগ যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। কারখানায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। সব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় দুই বছর সময় লাগবে বলে এর আগে কোম্পানিটি জানিয়েছিল।

আরএন স্পিনিংয়ের পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৩৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫০ দশমিক ৯২ শতাংশ শেয়ার আছে। এ কোম্পানিটি গত তিন বছর ধরে ধারাবাহিক লভ্যাংশ দিয়ে আসছিল। যদিও ২০১৮ সাল থেকেই এ কোম্পানির শেয়ারের দর ধারাবাহিকভাবে কমছে। গতকাল ডিএসইতে এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪ টাকা ৭০ পয়সায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত