বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে চূড়ান্তভাবে ধ্বংসের চক্রান্তের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘শহীদ নাজিরউদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে
এক চিরস্মরণীয় নাম। শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে। তার এই মহিমান্বিত আত্মদানের ফলেই স্বৈরশাহী এরশাদের পতন হয়। শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা। নব্বইয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন হলেও অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। এখন সেই পুরনো স্বৈরাচার ফ্যাসিবাদের সঙ্গে মিলেমিশে নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দুঃস্বপ্নের মধ্যে ঠেলে দিয়েছে। দুর্বিনীত শাসনকে স্থায়িত্ব দেওয়ার জন্য বর্তমান সময়ের বিপুল জনপ্রিয় নেত্রী “গণতন্ত্রের মা” বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। তারা চক্রান্তের কুটিল খেলায় রাষ্ট্রীয় গণতন্ত্রকে চূড়ান্তভাবে ধ্বংস করার জন্যই দেশনেত্রীকে আটক করে রেখেছে।’ জেহাদের আত্মদান ‘বর্তমান দুঃসময়ে’ সব গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
শহীদ জেহাদ দিবসে বিএনপির কর্মসূচি : আজ সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন দলের নেতারা। এছাড়া বিকেলে আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।
