সেভিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পেয়ে রেফারিকে নিয়ে বাজে মন্তব্য করায় বার্সেলোনা ফুটবলার উসমানে দেম্বেলেকে লা লিগায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লিগ কমিটি। নিষেধাজ্ঞা বহাল থাকলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ লড়াইয়ে খেলা হবে না ফরাসি এই ফরোয়ার্ডের।
কাম্প ন্যুতে গত রোববার সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে সরাসরি লাল কার্ড দেখেন দেম্বেলে। রেফারি আন্তোনিও মাতেও লাওফ তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন, ফরাসি ফরোয়ার্ড তাকে উদ্দেশ্য করে ‘তুমি খুব খারাপ’ বলে মন্তব্য করেন।
আন্তর্জাতিক ফুটবলের কারণে বিরতি শেষে ১৯ অক্টোবর এইবারের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। ২৬ অক্টোবর নিজেদের মাঠ কাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে লা লিগার দুইবারের চ্যাম্পিয়নরা।
সেভিয়ার বিপক্ষে ওই ম্যাচে শেষ দিকে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন বার্সেলোনার উরুগুয়ান সেন্টার-ব্যাক রোনালদো আরাউজোও। তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
তবে দেম্বেলে ও আরাউজোর নিষেধাজ্ঞা মেনে নিচ্ছে না বার্সেলোনা। এই দুই খেলোয়াড়কে দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
