পেছালেও ডিসেম্বরেই বিপিএল

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:২৩ এএম

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ভালোই দোটানা চলছে। এখনো টুর্নামেন্ট শুরুর সঠিক দিন-তারিখই নির্দিষ্ট করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬ ডিসেম্বরকে টুর্নামেন্ট শুরুর সময় ধরা হচ্ছে। তা নিয়ে শুরুতেই দেখা যায় অনিশ্চয়তা। পরে গত মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান নির্ধারিত ৬ ডিসেম্বরেই হবে বিপিএল। কিন্তু দিন দুয়েকের মধ্যেই আবার নতুন খবর। ওই তারিখে নয়, আরও এক সপ্তাহ বা ১০ দিন পিছিয়ে ডিসেম্বরের মাঝামাঝি হতে পারে ‘বঙ্গবন্ধু বিপিএল’। গতকাল এ ব্যাপারে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের মুখপাত্র মাহবুব আনাম। একই দিন আগ্রহী কয়েকটি স্পন্সর কোম্পানির সঙ্গে আলোচনা করেছে বিসিবি।

এবার নিয়মিত ফ্র্যাঞ্চাইজিগুলো না থাকায় বিসিবি নিজেরাই আয়োজন করবে বিপিএল। সে লক্ষ্যে প্রতি দলের জন্য স্পন্সর খুঁজছে বিসিবি। গতকাল বৃহস্পতিবার স্পন্সর হতে আগ্রহী চার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে জানিয়ে মাহবুব আনাম জানান, ‘আজ চারটি স্পন্সর পার্টনারের সঙ্গে মিটিং হয়েছে। তাদের কী দায়িত্ব থাকবে, তাদের পরিধি কতটা থাকবেÑ সেগুলো আমরা বুঝিয়ে দিয়েছি। তারা শুধু স্পন্সর হিসেবে থাকবে, তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে স্পন্সররা দলের মালিক হবে না। স্পন্সরশিপ রাইটের সঙ্গে তারা কী সুবিধা পাবে, সেগুলো আমরা বুঝিয়ে দিয়েছি।’ সুবিধা বলতে, ‘আমাদের জাতীয় দলে যে রকম টিম স্পন্সরশিপ আছে তেমন। তারা যে স্পন্সরশিপ বেনিফিটগুলো পায়, একই বেনিফিট তারাও (বিপিএল স্পন্সর) পাবে। দল গঠনে তাদের সরাসরি কোনো ভূমিকা থাকবে না, পরোক্ষভাবে তারা হয়তো পরামর্শ দিতে পারবে।’ এছাড়া ড্রাফটের জন্য প্রায় চারশর মতো বিদেশি ক্রিকেটারের নাম জমা পড়েছে বলে জানান মাহবুব আনাম। তবে কোনো স্পন্সর ড্রাফটের বাইরে খেলোয়াড় কিনতে চাইলে নিজেদের অর্থ খরচ করতে হবে বলে জানান।

ড্রাফট করে হবে তা পরবর্তী বিপিএল মিটিংয়ে নিশ্চিত হবে। আর বিপিএল পিছিয়ে যাওয়ার ব্যাপারে বলা হয়, ‘আগের সূচি অনুযায়ী বিপিএল ৬ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে যখন কোনো ক্রাইসিস পরিস্থিতি সৃষ্টি হয় তখন তা মোকাবিলার জন্য কিছুদিন পেছানো হয়। এখনো ওই অবস্থা আসেনি তবে হলে আশা করি ৭ থেকে ১০ দিন পিছিয়ে ডিসেম্বরের মাঝামাঝি বিপিএল শুরু করা সম্ভব হবে।’

এছাড়া আগামী বছরের শুরুতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। ওই সিরিজটার সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিএল আয়োজন করবে বিসিবি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত