সাদিকুর রহমানে অর্ধশতকের পর তাসামুল হকের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস। তাতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে আশাব্যঞ্জক সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। আফসোস তাসামুলের। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়েছে তার।
শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন সবকটি উইকেট হারানোর আগে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান। আগের দিন করা ১৪৭ রানের সঙ্গে বাকি সাত উইকেটে আরও ১৪৩ রান করে মুমিনুল হকের দল।
আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা তাসামুল শেষ পর্যন্ত ৯০ রানে আউট হন। তার ২৪৯ বলের ইনিংসটিতে রয়েছে সাতটি চারের মার। অন্যদের মধ্যে পিনাক ঘোষ ৩২, মাহিদুল ইসলাম আকন ৩০ ও মাসুম খান ২৭ রান করেন।
ঢাকা মেট্রোপলিটনের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ৮৭ রানে ৬টি উইকেট নেন তিনি। ৫৫ রানে তিন উইকেট নেন অফস্পিনার মাহমুদউল্লাহ।
জবাবে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ঢাকা। দুই অঙ্ক স্পর্শের আগেই উইকেট ছাড়া হন সাদমান ইসলাম ও রাকিন আহমেদ। ২৬ রান নিয়ে অপরাজিত আছেন শামসুর রহমান ও ২১ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মার্শাল আইয়ুব।
