ওসির যোগদানের বর্ষপূর্তিতে ‘বিয়ের’ উৎসব!

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৮:২৭ এএম

বিশাল আকৃতির কেক সাজিয়ে রাখা হয়েছে টেবিলে। নানা রঙের বেলুনে সাজানো হয়েছে ঘর। আছে সাউন্ড সিস্টেমও। অতিথি আপ্যায়নের জন্য মাছ-মাংসসহ হরেক পদ। যাকে ঘিরে এই রাজকীয় আয়োজন, তিনিও সাজগোছ করে হাজির। এরপর কেক কেটে অনুষ্ঠান সূচনা করলেন। এমনই বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো সিলেটের ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুনের এই থানায় যোগদানের বর্ষপূর্তি। গত বৃহস্পতিবার রাতে থানা কম্পাউন্ডেই এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আর অনুষ্ঠানের ছবি, ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সমালোচনা চলছে। জানা যায়, ওসি এসএম আল মামুনের থানায় যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ওসমানীনগর থানার পুলিশ কর্মকর্তাদের স্ত্রী-সন্তান, রাজনৈতিক দলের নেতাসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। থানা কম্পাউন্ডের ভেতরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গভীর রাত পর্যন্ত চলে নাচ-গান।

ওসমানীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ তার ফেইসবুক আইডিতে অনুষ্ঠানের ছবি সংবলিত একটি লেখা পোস্ট করেছেন। তার পোস্টে ওসির শেরওয়ানি পরিহিত ছবি দেখে সুজ্জাল এফএক্স নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘আমি মনে করেছি ওসি সাহেবের বিবাহবার্ষিকী’। মাওলানা হুছাইন আহমদ নামের অপর আইডি থেকে লেখা হয়েছে, ‘ইনকাম অনুযায়ী আপ্যায়ন, হয়তো ওনার ইনকাম বেশি হচ্ছে, তাই।’

বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা তুহিন মনসুর লিখেছেন, ‘বালাগঞ্জ থানার পাশেই আমার বাড়ি। আমার জীবনেও এমন অনুষ্ঠান দেখিনি, এই প্রথম দেখলাম।’

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু দেশ রূপান্তরকে বলেন, ‘ওসি সাহেবের পক্ষ থেকে তাৎক্ষণিক দাওয়াত পেয়ে সেখানে গিয়েছিলাম। দাওয়াত খেয়ে চলে এসেছি। ওসির যোগদানের বর্ষপূর্তিতে এ ধরনের অনুষ্ঠান আগে কখনো দেখিনি।’  

অনুষ্ঠান আয়োজন করা প্রসঙ্গে ওসি এসএম আল মামুন দেশ রূপান্তরকে বলেন, ‘সহকর্মীরা এই আয়োজন করেছিল। সবার উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দর হয়েছে।’

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘কর্মস্থলে যোগদানের বর্ষপূর্তিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কোনো নিয়ম নেই। এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ কিছু বলেওনি।’

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান বিপিএম বলেন, ‘সিলেট রেঞ্জে যোগদানের আমারও তো প্রায় তিন বছর হয়ে গেল। কই, কখনো তো এ ধরনের অনুষ্ঠান করিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত