পঞ্চগড়ে শিশুকে ধর্ষণচেষ্টার পর বাড়িতে আগুন দিয়েছে বখাটে ও তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এরপর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে বাড়িতে আগুন দেওয়া হয়। পরে সজিব ইসলাম (১৩) নামে এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় গতকাল শুক্রবার পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেছেন শিশুটির বাবা।
মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক না থাকায় সেখান থেকে সজিব তাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করলে মা ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় বখাটে ওই কিশোর পালিয়ে যায়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হয়। বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দেয় বখাটে কিশোরের পরিবার। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে এই ফাঁকে সজিব ও তার বাবা-মা ছাত্রীর বাড়ির গোলাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে পরিবারের ৫০ হাজার টাকার সম্পদ আগুনে পুড়ে নষ্ট হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মহেশপুরে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনার পর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এতে রাশেদুল ইসলাম নামে এক বখাটেকে আসামি করা হযেছে। সে পলাতক রয়েছে।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলছাত্রী বাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। সে সময় পাশর্^বর্তী কালুহাটি গ্রামের নবম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
