ছাত্রলীগের অপরাজনীতির কারণে আজ দেশের মেধাবী সন্তানরা খুনিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘একজন মাত্র ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে এই সংগঠনটি অভিশপ্ত সংগঠনে পরিণত হয়েছে। বুয়েটের মতো প্রতিষ্ঠানে ছাত্রলীগের কারণে খুনিতে পরিণত হচ্ছে মেধাবীরা। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সেøাগানের ভাষা শুনুন। ক্ষমতাসীনদের জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের রক্তে আগুনজ্বলা দ্রোহ দেখুন। জনগণের আওয়াজ শুনুন। কোনো আন্দোলন যেমন ব্যর্থ হয় না, তেমনি দেশবিরোধী চুক্তি ও শহীদ আবরারের বিচারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনও ব্যর্থ হবে না ইনশা আল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ মিছিল : ভারতের সঙ্গে অবৈধ চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম।
গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন রিজভী আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহসভাপতি আবুল হোসেন প্রমুখ।
