এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০৯:২৩ পিএম

ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হলো কোচ মামুন উর রশিদের দলের।

শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ওমানকে ৪-১ গোলে হারায় স্বাগতিকেরা।

প্রতি ম্যাচেই বাংলাদেশ খেলছে ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে। অধিনায়ক পরিবর্তনের ধারাবাহিকতায় এদিন বাংলাদেশের আর্মব্যান্ড পড়েন সোহানুর রহমান সবুজ।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে মাত্র ২ মিনিটেই লিড নেয় দলটি। ১৩ মিনিটে আশরাফুল ইসলামের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোন গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম আহত হয়ে মাঠ ছাড়েন। ম্যাচের ৪০ ও ৪৩ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ওমানের পক্ষে ব্যবধান কমান রাশেদ আল ফাজারি।

গত মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে জয় তুলে নেয়। বুধবার দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। শুক্রবার তৃতীয় ম্যাচ ২-০ গোলে জিতে সিরিজে ২-০ তে লিড নেয় বাংলাদেশ। আর এদিনের জয়ে ৩-০ তে নিশ্চিত হলো সিরিজ।

মঙ্গলবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত