ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উপসচিব গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১১:৫৬ পিএম

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্ত উপসচিব এ কে এম রেজাউল করিম রতনকে গতকাল শনিবার রাতে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। তিনি মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। ঢাকা মহানগরপুলিশের (ডিএমপি) ধানম-ি জোনের অতিরিক্ত উপকমিশনার আবদুল্লাহ আল কাফি দেশ রূপান্তরকে বলেন, ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত জুলাই মাসে এক ছাত্রীর করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকজন ছাত্রী যৌন নিপীড়নের অভিযোগ করেছেন।

পুলিশ জানিয়েছে, গত জুলাই মাসের একটি মামলায় রতনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। পরে রতনকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রভাবশালীদের চাপে জামিন-অযোগ্য মামলায় চার্জশিটভুক্ত আসামি হয়েও জামিন পেয়ে যান রতন। এরপর তিনি একাধিক ছাত্রীকে হুমকিও দেন। এর মধ্যে আরও এক ছাত্রী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন।

অভিযোগ রয়েছে, ২০১৭ সালে মোহাম্মদপুর সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ করেন রতন। সেই ঘটনার ভিডিও করেন তিনি। ওই ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তিনি ওই ছাত্রীকে এক বছর ধরে যৌন নিপীড়ন করে আসছিলেন। রতন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। গত বছর তিনি কোটায় উপসচিব পদে পদোন্নতি পান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত থেকে ওই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত