নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপনকে চিকিৎসার জন্য যশোরের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ঢাকায় অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় যশোর থেকে নভোএয়ারের একটি বিমানে ঢাকায় নেওয়া হয়। মাশরাফীর বাবার সঙ্গে ঢাকায় অবস্থানরত নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু এ তথ্য জানান।
গতকাল সন্ধ্যায় ডা. আলিমুজ্জামান সেতু বলেন, ‘গোলাম মোর্ত্তজা স্বপনের অবস্থা আগের চেয়ে ভালো। তার পেট ও পিঠের ব্যথা কমেছে। তার শরীরে আগের থেকেই কোলস্টেরল রয়েছে।
তবে অন্য কোনো রোগ আছে কি না, তা চিহ্নিত করতে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও ভালো চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।’
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন গোলাম মোর্ত্তজা স্বপন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক সেবা দেন। অবস্থার অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যশোর সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে আইসিউতে নেওয়া হয়। পরে গতকাল উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে গোলাম মোর্ত্তজা স্বপনের সুস্থতা কামনা করে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে গতকাল আসর নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া জেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ তার সুস্থতা কামনা করেছেন।
