ধর্ষণ মামলায় বিয়ের রাতে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০২:৫০ এএম

বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টকর্মীকে আড়াই বছর বিভিন্ন সময় ধর্ষণের পর বাবা-মায়ের পছন্দে আরেক মেয়েকে বিয়ে করে ঘরে তোলার রাতে এক যুবককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মনিরুল ইসলাম আলিফ (৩০)। গত শুক্রবার রাত ১১টার দিকে সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার গার্মেন্টকর্মীর অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে প্রথমে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করলে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভাগলপুর এলাকার মনিরুল ইসলাম আলিফের সঙ্গে গার্মেন্টকর্মী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় আড়াই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে

একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা। কিছুদিন আগে সম্পর্কে ভাটা পড়ে তাদের। এর মধ্যে ওই গার্মেন্টকর্মী জানতে পারেন মনিরুল অন্য এক মেয়েকে বিয়ে করে ঘরে তুলছেন। খবর পেয়ে গত শুক্রবার রাতে মনিরুলের বাড়িতে ছুটে গিয়ে প্রতিবাদ করেন তিনি। একপর্যায়ে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পরে পুুলিশ মনিরুলকে গ্রেপ্তার করে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক আলিফ ঘটনার সত্যতা শিকার করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

চলন্ত বাসে শিশুকে ধর্ষণের চেষ্টা : হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে ওই বাসের সুপারভাইজর। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই বাসের সুপারভাইজর মানিককে গ্রেপ্তার করেছে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন,  বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি পরিবার হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। পরিবারের সদস্যরা বাসে ওঠার পর শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর পার হলে সুপারভাইজর ওই পরিবারের এক শিশুকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী। তার চিৎকারে বাবা-মা ও বাসের অন্য যাত্রীরা এগিয়ে যান। খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গাড়িটি আটক করে সুপারভাইজরকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রীর বাবা জানান, তিনি ঢাকার টঙ্গীতে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে টঙ্গীর একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে কবির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে ধর্ষক এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শহরের উত্তর চাষাঢ়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত