বুয়েটের আন্দোলনে শিবির, ছাত্রদল সক্রিয়: তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৫:২১ পিএম

আবরার ফাহাদ হত্যার পর বুয়েটে চলমান আন্দোলনে শিবির ছাত্রদল সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ছাত্রদের আবেগ-অনুভূতিকে পুঁজি করে একটি মহল বিশেষত, বিএনপি ও তাদের মিত্ররা ফায়দা লুটতে পারে। তারা সবাই মিলে এ ঘটনাকে পুঁজি করে ছাত্রাঙ্গনকে অশান্ত রেখে, দেশকে অশান্ত করার দূরাভিসন্ধি থেকে ছাত্রদের মধ্যে তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে।

তিনি বলেন, যে কারণে দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসছে। আমি বলতে চাই এই ঘটনাকে পুঁজি করে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে।

হাছান মাহমুদ বলেন, আমরা লক্ষ্য করছি শিবির সক্রিয় হয়েছে, ছাত্রদল সক্রিয় হয়েছে। স্বনামে নয়, বেনামে সক্রিয় হয়েছে। সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে পড়েছে। তারা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, আমি ছাত্রদের অনুরোধ জানাব কেউ যাতে এটিকে পুঁজি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে হাছান মাহমুদ বলেন, সাময়িকভাবে যেটি বন্ধ করেছে, সেটি পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে সেটির নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত