জাতীয় দলের জন্য নিজেকে তৈরি রাখেন সাইফ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১১:১৪ পিএম

শ্রীলঙ্কায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। দলের অন্যতম সেরা পারফরমার সাইফ হাসান। ব্যাটিং মূলশক্তি। অফ স্পিনটাও জানেন। ওপেনিং ব্যাটসম্যানের জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখেন অনেকে। তবে সাইফ ওসব না ভেবে শুধু নিজের কাজটা করে যেতে চান।

এই মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগের সেরা রান স্কোরারদের একজন ছিলেন ২০ বছরের ডানহাতি সাইফ। শনিবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ জেতার ম্যাচে খেলেছেন ১১৭ রানের ইনিংস। তিন ম্যাচে তার স্কোর যথাক্রমে ৩২, ৫ ও ১১৭। তিনটি উইকেটও আছে। মাঝে শ্রীলঙ্কা এমার্জিং দলের বিপক্ষে ঘরের মাঠে দেশের এমার্জিং দলের হয়ে একটা সেঞ্চুরিও আছে। সবকিছু ঠিক পথে এগুচ্ছে বলেই মনে হচ্ছে সাইফের। ‘আসলে প্রিমিয়ার লিগ থেকে আল্লাহর রহমতে ভালো হচ্ছিল। সেখান থেকেই আসলে নিজের একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। প্রিমিয়ার লিগে যেমনটা খেলার চেষ্টা করেছি তার পরবর্তী যে টুর্নামেন্টগুলো হয়েছে, শ্রীলঙ্কার সঙ্গে ভালো হয়েছে।’ সাইফ বলছিলেন, ‘সব মিলিয়ে চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার। যে সুযোগটি পাই সেটা কাজে লাগানোর চেষ্টা করছি।’ দেশে ফিরে এখন চোখ জাতীয় লিগে। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রশ্নে অত তাড়াহুড়া নেই তার, ‘সুযোগ পাওয়াটা সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করছে। যদি ভালো খেলতে থাকি ইনশাল্লাহ সুযোগ আসবে। আমার কাজ পারফর্ম করা। চেষ্টা করব পারফর্ম করে যাওয়ার।’  তবে জাতীয় দলে খেলার জন্য তার প্রস্তুতির কথা জানাতেও ভোলেন না সাইফ, ‘জাতীয় দলের জন্য প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি। চেষ্টা করছি আরও ফিট হওয়ার, ফিল্ডিং-ব্যাটিংয়ে আরও উন্নতি আনার। যখন খেলব তখন ঘাটতি বের হবে। সেই ঘাটতি নিয়ে কাজ করার চেষ্টা করছি। যতটা উন্নতি করব এবং যতটা প্রস্তুত হবো তত ভালো হবে জাতীয় দলের জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত