সবাইকে বাদ দিয়ে হঠাৎ করে সৌরভ গাঙ্গুলিকে কেন ক্রিকেট বোর্ডের সভাপতি বানাচ্ছেন বিজেপি নেতা তথা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- এই প্রশ্ন এখন ভারতীয় রাজনীতির ‘হটকেক’।
দেশটির একাধিক গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিজেপির হয়ে প্রচারের ব্যাপারে সম্মতি দিয়ে বোর্ডে বসতে পারেন সাবেক অধিনায়ক। ২০২১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে তুলেও ধরতে পারেন বিজেপি সভাপতি অমিত!
সৌরভ যদিও এমন জল্পনাকে পাত্তা দিচ্ছে না। সাফ বলেছেন, ‘একেবারেই এমন কিছু নয়। কেউই এই ব্যাপারে আমাকে কিছু বলেনি।’
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে জাতীয় দলের অধিনায়ক হওয়াকেও তুলনা করতে চাননি সৌরভ। তার মতে, ‘দেশের অধিনায়ক হওয়ার ব্যাপারই আলাদা। সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তবে আমি কখনও ভাবিনি বোর্ড প্রেসিডেন্ট হতে পারব।’
শনিবার সন্ধ্যায় দিল্লিতে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। বৈঠকে অমিত শাহর সঙ্গে দেখা করেন সৌরভ। অমিত এবং সৌরভ এই ধরনের বৈঠক এর আগে কখনো করেননি।
প্রথমে শোনা যাচ্ছিল বৈঠক হয়েছে বসন্তকুঞ্জের বসন্ত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অতীতে ভারতের অনেক রাজনৈতিক বৈঠকের গোপনীয়তা রক্ষার কারণে যে হোটেল ব্যবহৃত হয়েছে বলে শোনা যায়। পরে অবশ্য জানা যায় কোনো হোটেল নয়, বৈঠক হয়েছে খোদ অমিত শাহর বাসভবনে।
এর আগে শোনা গিয়েছিল কর্ণাটকের ব্রিজেশ প্যাটেল হবেন সভাপতি। কিন্তু বৈঠকে সবাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বর্তমান প্রধান সৌরভের বিষয়ে একমত হয়েছেন। ব্রিজেশ হচ্ছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। অমিতের ছেলে জয় শাহ পাচ্ছেন সচিবের দায়িত্ব। হিমাচলের অরুণ সিং ঠাকুর কোষাধ্যক্ষ।
