হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার সকালে সিঙ্গাপুরগামী বিমানের ‘ময়ূরপঙ্খী’ নামে উড়োজাহাজটি অবতরণ করে। তবে এতে বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে।
বিমান বাংলাদেশের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, গতকাল সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭-৮০০ ফ্লাইটটি ১৫৬ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে অনুমতি চান পাইলট। অনুমতি পেয়ে দ্রুত উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবতরণের আগে পাইলট ও কেবিন ক্রুরা যাত্রীদের আতঙ্কিত না হতে অনুরোধ করেন। ওই কর্মকর্তা আরও বলেন, উড্ডয়নের পরই একটি পাখি উড়োজাহাজের পাখায় আঘাত করলে পাইলট টের পেয়ে যান। এরপরও পাইলট যদি উড্ডয়ন করতেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকত।
বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার দেশ রূপান্তরকে জানান, সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটিতে ১৫৬ জন যাত্রী ও পাইলট-ক্রুসহ ৭ জন ছিলেন। পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে জরুরি অবতরণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উড়োজাহাজটি হ্যাঙ্গারে নিয়ে ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করে দেখা হচ্ছে। বেলা ১১টায় যাত্রীদের অন্য একটি ফ্লাইটে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। ২০১৫ সালে ‘ময়ূরপঙ্খী’ বিমানের বহরে যুক্ত হয়।
