গোয়ালন্দে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০৩:৪১ এএম

গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রেজাউল মোল্লা ওরফে আবু ডাক্তার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রেজাউল ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে। সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও সদ্য সাবেক চেয়ারম্যান আতর আলী সরদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা আরও জানান, আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের ভোটগ্রহণ শেষে হাফিজুলের সমর্থকরা দেবগ্রাম বাজারে এলে আতর আলীর সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় আবু ডাক্তার নিহত এবং ২০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ফজলুল হক বলেন, ‘বিকেলে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল দেবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছিল। প্রথম অধিবেশন শেষে শুরু হয় ভোটগ্রহণ পর্ব। এ সময় হাফিজুলের ছেলে বকুল ও আতর আলীর ছেলে বাবলুর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে পরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাবলু বলেন, ‘কাউন্সিল স্থলে হাফিজুল চেয়ারম্যান চরমপন্থি সন্ত্রাসীদের জড়ো করে কাউন্সিলকে প্রভাবিত করছিল। প্রতিবাদ করায় তারা আমার ওপর চড়াও হয়। পরে তারা সংগঠিত হয়ে আমাদের লোকজন ও বাড়িঘরে হামলা চালায়।’

হাফিজুল বলেন, ‘ওরা আমার মেয়ের দেবর আবু ডাক্তারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল হলেও যুবলীগ নেতা বাবলু সেখানে জোরপূর্বক অবস্থান করে কাউন্সিলে বিঘœ ঘটাচ্ছিল। এ নিয়ে সামান্য বাগ্বিতণ্ডা হয়। পরে ওরা সংঘবদ্ধ হয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। আর চরমপন্থিদের অবস্থানের অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত