সামনেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শিল্পী সমিতি নিয়ে নানা রকম শোরগোল চলছে। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে অনেকের সদস্যপদ বাতিল করা হয়েছে।
এদিকে আজ ১৫ অক্টোবর, মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বরাবর নির্বাচন বন্ধের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। অভিনেতা মো. সোহেল খান ও মোহাম্মদ হোসাইন লিটনের পক্ষে তাদের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাইফুর রহমান এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয় অভিযোগকারীরা একসময় সমিতির সদস্য হলেও পরে তাদেরকে অনৈতিকভাবে সদস্যপদ বাতিল করা হয়েছে। এ ছাড়া নিয়ম বহির্ভূতভাবে ভোটার তালিকা থেকে সদস্যদের বাদ দেওয়া; গঠনতন্ত্রের তোয়াক্কা না করে শিল্পীদের ভোটার তালিকায় জায়গা করে দেওয়া-সহ ৯টি কারণ উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন স্থগিত করে সমস্ত সমস্যার সমাধান করার অনুরোধ করা হয় নোটিশে। নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ব্যবস্থা না নিলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আইনজীবী সাইফুর রহমান।
এদিকে শিল্পী সমিতিতে যোগাযোগ করা হলে নির্বাচন কমিশন লিগ্যাল নোটিশ পাননি বলে জানিয়েছে। নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনকে বারবার কল করেও পাওয়া যায়নি। তবে সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা শুনেছি নির্বাচন স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু আমরা এখনো এ রকম কোনো নোটিশ পাইনি। যতক্ষণ পর্যন্ত নোটিশ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কিছু বলতে পারছি না।’
এর আগে ৩ অক্টোবর, অন্যায়ভাবে সদস্য পদ বাতিল করার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর উকিল নোটিশ পাঠান ফাইট ডিরেক্টর মো. শেখ শামীম। সেই নোটিশও পাননি বলে জানিয়েছে শিল্পী সমিতি।
