রাজধানীর বাংলামোটর মোড় সংলগ্ন পদ্মা লাইফ টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন শাখা চালু হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ৩৪৮তম শাখাটি উদ্বোধন করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হুমায়ূন বখতিয়ার ও জামান আরা বেগম। এ সময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমান, বাংলামোটর শাখাপ্রধান নূর এলাহি আল কামাল ভূঁইয়া, ব্যবসায়ী সাহিদুর রহমান, শেখ মো. জাকির হোসাইন, পরিমল চন্দ্র দাস, হোসনে আরা আহাদসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১০০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ৮ বছর অবস্থান ধরে রেখেছে। এই ব্যাংক আন্তর্জাতিক পরিমন্ডলের সব স্বীকৃতি অর্জন করতে সক্ষম।
ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা ও আন্তরিক সেবার ফলেই এই অবস্থানে পৌঁছেছে। ব্যাংকিং খাতের সব আধুনিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ সর্বোত্তম সেবা দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
