মিয়ানমারকে আরও ৫০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:৩৯ এএম

মিয়ানমার সরকারকে আরও ৫০ হাজার ৫০৬ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন এই তালিকা হস্তান্তর করেন। এর আগে তিন দফায় ৫৫ হাজার ৫১২ জন রোহিঙ্গার তালিকা দিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে চার দফায় মোট ১ লাখ ৬ হাজার ১৮ জনের তালিকা দেশটিকে দেওয়া হলো।

এ বিষয়ে রোহিঙ্গা অনুবিভাগে কর্মরত এক কর্মকর্তা বলেন, ‘আমরা দ্রুত যাচাই-বাছাইয়ের তাগাদা দিলেও মিয়ানমার সরকারের অনীহার কারণে বাছাইয়ে দেরি হচ্ছে। এরপরও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্পূর্ণ তালিকা প্রায় শেষের পথে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয় এবং যাচাই-বাছাই দ্রুত শেষ করার তাগাদা দেওয়া হয়।’

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে বাংলাদেশ তিন দফায় যে ৫৫ হাজার রোহিঙ্গার তালিকা দিয়েছিল তার মধ্যে দুই দফায় ১২ হাজারের মতো রোহিঙ্গা যাচাই-বাছাই হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০০ রোহিঙ্গাকে তারা তাদের নাগরিক হিসেবে মেনে নিয়েছে। ৬৮ জনকে তারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।

আরেক কর্মকর্তা বলেন, ‘প্রথম তালিকা হস্তান্তরের পর মিয়ানমার তালিকা তৈরির পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু এখন আমরা যেভাবে তালিকা প্রস্তুত করছি, সেটি তারা মেনে নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত