মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস ৪৯ হাজার ৪১৩ জন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:৫৯ এএম

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ (২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ন্যূনতম ৪০ নম্বর পেয়ে পাস করেছেন ৪৯ হাজার ৪১৩ শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ ও মেয়ে ২৬ হাজার ৫৩১ জন। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই ফল ঘোষণা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ফল ঘোষণায় বলেন, ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক ছেলে শিক্ষার্থী, তার প্রাপ্ত নম্বর ৯০ দশমিক ৫। আর মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৮৯। গতকাল আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এদিন রাত ৮টা থেকে ফলাফল দেখা যাবে বলে তিনি জানান। তিনি বলেন, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারীরা সরকারি ৩৬ মেডিকেল কলেজে ও বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। নতুন পদ্ধতিতে ১১ অক্টোবর দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসন রয়েছে। অর্থাৎ এ বছর মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগে আট পৃষ্ঠা থাকলেও চলতি বছর মাত্র দুই পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়। তবে প্রত্যেক শিক্ষার্থীর প্রশ্নপত্র ছিল ভিন্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত