শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়েছে।
বুধবার দুপুরে ইকোপার্কের মহুয়া রেস্ট হাউজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিছুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মেঘালয়ের তুরা সেক্টর কমান্ডার ডিআইজি ভিজে কুমার থাপালিয়াল।
সম্মেলনে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, অবৈধভাবে সীমান্ত পারাপার, সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সীমান্তের বিভিন্ন সমস্যা সুষ্ঠুভাবে সমাধানকল্পে বিস্তারিত আলোচনা করা হয়। এই অঞ্চলে গত এক বছরে কোনো সীমান্ত হত্যা না থাকায় উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করে এই ধারাবাহিকতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ হয়।
এ ছাড়াও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাহিনী দুটির মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষে¨ যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলার বিষয়েও আলোচনা হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অংশগ্রহণে অত্যন্ত সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন শেষ হয়। পরে উভয় বাহিনীর মধ্যে সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
এ সময় ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা বিজিবির অধিনায়কসহ ২৩ কর্মকর্তা এবং বিএসএফের ২৩ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
