জাতীয় লিগে খেলতে নামছেন মোস্তাফিজ-মিরাজ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০৮:৪৯ পিএম

ভারত সফরের আগে জাতীয় দলের তারকাদের এবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার ব্যাপারে বেশ কড়া নজর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান বাদে প্রায় সবারই খেলার কথা। তবে প্রথম রাউন্ডে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে যান তিনি। তবে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে খেলতে দেখা যাবে কাটার মাস্টারকে।

প্রথম রাউন্ডে খেলতে পারেননি এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে থাকা ক্রিকেটাররাও। মোহাম্মদ মিঠুন, সাইফ হাসানরা ফিরেছেন শ্রীলঙ্কা সফর থেকে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে তাই দেখা যাবে তাদেরও।

বুধবার দ্বিতীয় রাউন্ডের জন্য জাতীয় লিগের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোস্তাফিজ খেলবেন খুলনা বিভাগের হয়ে। মেহেদী হাসান মিরাজ রয়েছেন একই দলে থাকছেন। এ দলের হয়ে চার দিনের ম্যাচে খেললেও ওয়ানডে সিরিজে তিনি ছিলেন এই স্পিনার। তারপরও প্রথম রাউন্ডে খেলেননি তিনি।

মোস্তাফিজ, মিরাজের মতো দ্বিতীয় রাউন্ডে ফিরছেন নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহিরা। ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়ায় বিশ্রামে ছিলেন বিপ্লব।

এদিকে বিপ টেস্ট উতরাতে ব্যর্থ হওয়ায় প্রথম রাউন্ডে খেলতে পারেননি সোহাগ গাজী, ইয়াসির আলি রাব্বি। প্রথম জন বরিশাল বিভাগ ও দ্বিতীয় জন ফিরেছেন চট্টগ্রাম বিভাগের স্কোয়াডে।

চোট থেকে সেরে উঠতে না পারায় ফেরা হয়নি সাইফউদ্দিনের। দ্বিতীয় রাউন্ডে স্কোয়াডে নেই ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম। প্রথম রাউন্ডে খেলেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত