ঋণের ১৪১ কোটি টাকা আত্মসাৎ

শিপব্রেকার মিজানুরের বিরুদ্ধে মামলা করবে দুদক

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১০:৫৫ পিএম

জাহাজ ভাঙা শিল্পের জন্য ব্যাংক থেকে ১৪১ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাত ও বিদেশে পাচারের অভিযোগে মিশম্যাক শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের মালিক মিজানুর রহমান শাহীনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর পর্যাপ্ত জামানত ছাড়া বেআইনিভাবে ঋণপ্রদানে সহায়তার অভিযোগে মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক নন্দ দুলাল ভট্টাচার্যকেও মামলায় আসামি করা হচ্ছে। আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ  মামলাটি দায়ের করা হবে বলে দুদক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ মামলায় বাদী হচ্ছেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। দুদকের একটি তদন্ত দল মিশম্যাক শিপ ব্রেকিংয়ের বিরুদ্ধে মার্কেন্টাইল ব্যাংক চট্টগ্রাম শাখা থেকে ১৪১ কোটি ১৩ লাখ টাকা ঋণের অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন ও দাখিলকৃত প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হচ্ছে। গত ৭ অক্টোবর কমিশন মামলা দায়েরের অনুমোদন দেয়।

অভিযোগে বলা হয়েছে, মিজানুর রহমান শাহীন ও নন্দ দুলাল ভট্টাচার্য পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ^াসভঙ্গের মাধ্যমে ঋণের অর্থ আত্মসাত ও পাচার করেছেন। ঋণ আত্মসাতের প্রক্রিয়ায় নন্দ দুলাল ভট্টাচার্য গ্রাহককে প্রয়োজনীয় জামানত ছাড়া অনুমোদনের পূর্বে ঋণপত্র খুলে ও জামানতকৃত সম্পত্তির অতিরিক্ত মূল্যায়ন দেখিয়ে ঋণ প্রদান করেন। ওই ঋণ জ্ঞাতসারে অবহেলা ও পর্যবেক্ষণ ও ঋণ মঞ্জুরিপত্রের শর্ত সঠিকভাবে পরিপালন না করে ব্যাংক তথা রাষ্ট্রের ক্ষতিসাধন করেছেন নন্দ দুলাল। ঋণের ওই অর্থ স্থানান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থের অবস্থান, মালিকানা, নিয়ন্ত্রণ গোপন ও ছন্দাবৃত্ত করতে সহায়তা করেন অভিযুক্তরা, যা দ-বিধি ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনের লঙ্ঘন।

দুদকের উপপরিচালক জালাল উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল মার্কেন্টাইল ব্যাংকের ১৪১ কোটি টাকা আত্মসাত ও পাচারের ঘটনা তদন্ত করে। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ও উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত