ব্যবহারকারী বা স্টেকহোল্ডারদের আপত্তির মুখে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে (অফডক) আরোপ করা বাড়তি চার্জ আদায় আবারও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে দুই দফা অফডকগুলো একতরফা বাড়তি চার্জ আরোপের পর তা স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে গত ১ অক্টোবর থেকে বিভিন্ন খাতে অফডকগুলোতে ১০ শতাংশ বাড়তি সেবা মাশুল বা চার্জ আদায় করা হচ্ছিল। ব্যবহারকারীরা এ সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছিলেন। একতরফা বাড়তি চার্জ কার্যকর করাকে অযৌক্তিক আখ্যায়িত করে নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছিলেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি আইসিডিগুলোতে মাশুল বাড়ানোর বিষয়ে গতকাল নৌপরিবহন সচিব আবদুস সামাদের সভাপতিত্বে বৈঠক হয়েছে। তাতে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, চট্টগ্রাম কাস্টমস, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিকডা, চট্টগ্রাম চেম্বার, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) প্রতিনিধিরা চার্জ বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে ব্যবহারকারীদের মধ্যে বিজিএমইএ, বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা একতরফা বাড়তি চার্জ কার্যকরের বিরোধিতা করেন। পরে সচিব বাড়তি চার্জ স্থগিত রাখার সিদ্ধান্ত দেন। এ বিষয়ে গঠিত ট্যারিফ কমিটি ও টেকনিক্যাল কমিটির রিপোর্ট দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কথাও বলেন তিনি। এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকডাকে নিয়ে বৈঠক করে চার্জ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় জানান তিনি।
বৈঠকে উপস্থিত বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে আলোচনা শেষে সচিব অফডকে বাড়তি চার্জ আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন।
বৈঠকে উপস্থিত বিকডা সচিব রুহুল আমিন সিকদার দেশ রূপান্তরকে বলেন, ইতিপূর্বে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়েছিলেন ১ অক্টোবর থেকে ১০ শতাংশ হারে বর্ধিত চার্জ গ্রহণের। সে অনুযায়ী আমরা চার্জ নিচ্ছি। এখন নৌপরিবহন সচিব বর্ধিত চার্জ স্থগিতের সিদ্ধান্ত দিয়েছেন। পরে সভা করে চার্জ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন তিনি।
বেসরকারি আইসিডিগুলোতে চার্জ বাড়ানো নিয়ে বিকডা ও অফডক ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপড়েন চলে আসছে। গত ১ এপ্রিল ও ১ আগস্ট দু’দফা একতরফাভাবে চার্জ বাড়ানোর উদ্যোগ নেয় বিকডা। স্টেকহোল্ডারদের আপত্তির মুখে দু’বারই নৌপরিবহন মন্ত্রণালয় বর্ধিত চার্জ স্থগিত করে দেয়।
