রাঙ্গামাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামে পুলিশ বা বিজিবি মোতায়েন হবে

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০২:৪১ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তি চুক্তির আলোকে যেখান থেকে সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে সেখানেই পুনরায় নিরাপত্তার স্বার্থে চুক্তির আলোকে পুলিশ বা বিজিবি সদস্য মোতায়েন করা হবে। গতকাল বুধবার রাতে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে এ কথা বলেন তিনি। এদিকে গতকাল

খাগড়াছড়িতে মন্ত্রী সাংবাদিকদের বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পার্বত্য চট্টগ্রামেও চলবে।

রাঙ্গামাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। সেই আলোকে তিন পার্বত্য জেলায়ও কোনো সন্ত্রাসের জায়গা হবে না, তাদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে। সন্ত্রাসী, জঙ্গি ও চাঁদাবাজদের এই এলাকা থেকে বিতাড়িত করা হবে।’

এর আগে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আবেদিন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিন আহমেদ, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব সুদত্ত চাকমা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, চট্টগ্রাম সেনবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, বিজিবির চট্টগ্রার রেঞ্জের রিজিয়ন কমান্ডার আমিনুর রহমান শিকদার, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি অধিনায়ক ও ডিজিএফআই অধিনায়ক।

আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা নিয়ে আরও একটি বিশেষ সভা হবে।

শুদ্ধি অভিযান পার্বত্য চট্টগ্রামেও চলবে : গতকাল খাগড়াছড়ির রামগড়ে নবনির্মিত রামগড় থানা ও চারতলা ব্যারাক ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সমতলের মতো পাহাড়েও অভিযান অব্যাহত থাকবে। সরকার পার্বত্য চট্টগ্রাম ও সমতলের মধ্যে সমান্তরালভাবে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নীতিমালা তৈরির কাজ চলছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠক করে শান্তি বজায় রাখার মতো পরিস্থিতি সৃষ্টির কাজ চলছে।

থানা ভবন উদ্বোধন শেষে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সুপার আহমার উজ্জামানের সভাপতিত্বে সমাবেশে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত সংসদ সদস্য বাসন্তী চাকমা, বিজিবির মহাপরিচালক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় কমিউনিটিং পুলিশের সভাপতি মংপ্রু চৌধুরী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত