১৭ বছর বয়সে ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি!

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:২১ এএম

লিস্ট-এ ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন মুম্বাইয়ের যশস্বী জয়সোয়াল। চলতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের জার্সিতে রেকর্ড গড়লেন এই ওপেনিং ব্যাটসম্যান। এই কীর্তি গড়ার দিন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৯২ দিন।

বিজয় হাজারে ট্রফিতে এলিট গ্রুপ ‘এ’র ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২০৩ রানের ইনিংস খেলেন যশস্বী। ১৫৪ বলে মুম্বাইয়ের হয়ে এই রান করেন তিনি। তার ইনিংসটি ছিল ১৭টি চার ও ১২টি ছক্কায় সাজানো। যশস্বীর ইনিংসে ভর করে কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে মুম্বইয়ের রান দাঁড়ায় ৩ উইকেটে ৩৫৮।

চলতি টুর্নামেন্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। পাঁচ ম্যাচ থেকে তার ঝুলিতে এসেছে ৫৮৫ রান। যশস্বীই এখন পর্যন্ত বিজয় হাজারে ট্রফির সর্বোচ্চ রানের অধিকারী। ছাপিয়ে গিয়েছেন তামিলনাড়ুর বাবা অপরাজিতকে।

সেই সঙ্গে যশস্বী লিস্ট এ ক্রিকেটে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করে ফেললেন। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা (তিনবার), শিখর ধাওয়ান, কেভি কুশল ও সঞ্জু স্যামসন রয়েছেন এই তালিকায়।

গত সপ্তাহেই টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সঞ্জু স্যামসন। ১২ অক্টোবর কেরালার হয়ে গোয়ার বিপক্ষে ২১২ রানের ইনিংস খেলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত