সিলেটের বিপক্ষে দ্রুতই শীর্ষের তিন ব্যাটসম্যানকে আউট হয়ে যাওয়ায় বেশ বিপদে পড়ে গিয়েছিল ঢাকা মেট্রোপলিটন। এমন অবস্থায় অর্ধশতক হাঁকিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিরেছেন অর্ধশতক হাঁকিয়ে।
সিলেটের রেজাউর রহমানের বলে উইকেটকিপার জাকের আলির গ্লাভসে ধরা পড়ার আগে ৬৩ রান করেন মাহমুদউল্লাহ। ৯৩ বলে অর্ধশতক হাঁকানো বাংলাদেশ জাতীয় দলের এই নিয়মিত মুখের ইনিংসটিতে রয়েছে আটটি চারের মার।
মাহমুদউল্লাহর রান পেলেও দলের অন্য ব্যাটসম্যানরা আশানুরূপ ভালো করতে পারেননি। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ১৫১ রানে সাতটি উইকেট হারিয়ে বসেছে ঢাকা। সিলেটের বোলারদের মধ্যে রেজাউর রহমান ৪৯ রানে নিয়েছেন চারটি উইকেট।
জাতীয় দলের হয়ে ভারত সফরের আগে লিগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেও ৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ছয় উইকেট।
