শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ১৮ অক্টোবর। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি। পরিচালক জানান, দেশের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
পরিচালক দেশ রূপান্তরকে বলেন, ‘দুই বছর আগেই সিনেমার নির্মাণকাজ শেষ করেছি। কিন্তু নানা জটিলতায় মুক্তি দিতে পারিনি। এখন আগামীকাল (১৮ অক্টোবর) ৪০ হলে সিনেমাটি মুক্তি দিচ্ছি।’
এস. এস. কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন— হাসান ইমাম, লায়লা হাসান, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডিজে সোহেলসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন প্রয়াত যোসেফ শতাব্দী।
সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, ইমরান, পড়শি, লেমিস, রুপম। গাজী মাজহারুল আনোয়ারসহ বেশ কয়েকজন গানের কথা লিখেছেন। দেশের খ্যাতিমান কয়েকজন গীতিকার গানগুলোর সুর করেছেন। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাছুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।
যে ৪০ হলে মুক্তি পাচ্ছে ‘ডনগিরি’ : ঢাকার মধুমিতা, এশিয়া, চিত্রামহল, বিজিবি, আনন্দ, গীত, মুক্তি, পুরবী, পদ্মা, জোনাকি, রানিমহল, সৈনিক ক্লাব, চাঁদমহল-কাচপুর, নিউ গুলশান-জিঞ্জিরা, চম্পাকলি-টঙ্গী, বর্ষা- জয়দেবপুর,পুনম-রায়েরবাগ, নবীন-মানিকগঞ্জ, শ্রীপুরের চন্দ্রিমা, শান্তি নগরের পূর্বাশা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো ও কালীগঞ্জের ছন্দা।
ঢাকার বাইরে বরিশালের অভিসার, চট্টগ্রামের আলমাস ও সিনেপ্লেক্স সিনেমা, পাঁচদোনার জংকার, দিনাজপুরের মডার্ন, মুক্তারপুরেরা পান্না সিনেমা, চালার নিউ রজনীগন্ধা, নেত্রকোনার হিরামন, সিলেটের নন্দিতা, বিজিবি, যশোরের মনিহার, পাবনার রূপকথা, রংপুরের শাপলা সিনেমা, কিশোরগঞ্জের মানসী, বীরগঞ্জের উল্লাসী, পিরোজপুরের অনামিকা, নীলফামারীর মমতাজমহল এবং ঈশ্বরদীর রাজু সিনেমা।
