লিখনদের না খেলানো সেই ২ কোচ বরখাস্ত

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০৯:৫৪ পিএম

জুবায়ের হোসেন লিখন এবং রিশাদ হোসেনের মতো লেগ স্পিনারকে জাতীয় লিগের মূল একাদশে না খেলানোর ‘অপরাধে’ দুই কোচকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  বৃহস্পতিবার বিকেলে তাদের মিরপুরে বিসিবি কার্যালয়ে তলব করা হয়।

এরপর সন্ধ্যার দিকে বিসিবি খুব দ্রুত তাদের বাদ দিয়ে নতুন দুই কোচকে দায়িত্ব দেয়। ঢাকা বিভাগের কোচ হিসেবে জাহাঙ্গীরের জায়গায় দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সেলিম আর রংপুরের মাসুদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জাফরুল এহসানকে।

ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনার খেলানো নিয়ে আলোচনা অনেক দিনের। হাথুরুসিংহে কোচ থাকার সময় এই চর্চাটা কিছুটা হলেও ছিল। তিনি চলে যাওয়ার পর লেগ স্পিনাররা একদম ম্যাচহীন হয়ে পড়েন।

সম্ভাবনাময় লেগ স্পিনার জুবায়ের হোসেন গত ২ বছরে সীমিত ওভারের ক্রিকেটে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কেবল ৩টি।

ঢাকার বিপক্ষে এই ম্যাচে রংপুর দলে জায়গা হয়নি তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের।

বৃহস্পতিবার কয়েকজন বোর্ড পরিচালকের সঙ্গে অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানেই উঠে আসে লেগ স্পিনার না খেলানোর প্রসঙ্গ।

পরে বিসিবি সভাপতি বলেন, ‘এই যে জাতীয় লিগ হচ্ছে, এত কিছু বলার পরও, লেগ স্পিনার নিয়ে এত কথা বলছি, অথচ রিশাদকে খেলানো হয়নি এখনও। লিখনকেও (জুবায়ের হোসেন) খেলানো হয়নি। আমরা এত কিছু বলার পরও যদি সেরা একাদশে না নামায়, তাহলে কী করণীয়? আমরা নিশ্চিত ছিলাম আজকে খেলাবে, কিন্তু নামায়নি।’

‘জাতীয় লিগে কেন খেলায়নি, সেটি জানতে আজকেই দুই কোচকে তলব করা হয়েছে। অবশ্যই উত্তর দিতে হবে তাদেরকে। বলার পরও কেন খেলানো হয়নি! ঢাকা ও রংপুরের কোচকে ডাকা হয়েছে। লেগ স্পিনারদের তো খেলাতে হবে! না খেলালে ওরা উঠে আসবে কীভাবে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত