বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথায় প্রমাণ হয় দেশে আইন-আদালত, বিচার-আচার বলে কিছুই নেই।
ভারতের সঙ্গে চুক্তি ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘খালেদা জিয়াকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে।’
তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের অব্যাহত দাবি সত্ত্বেও শারীরিকভাবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে মুক্তি না দিয়ে কারাগারে হত্যার নীলনকশা বাস্তবায়নে জোরালো তৎপরতা চালাচ্ছে।’
‘এখন আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য জনসমাবেশে বুক ফুলিয়ে ঘোষণা করছেন খালেদা জিয়াকে আমৃত্যু কারাগারে বন্দি রাখা হবে’ যোগ করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিছক একটি হত্যাকাণ্ড নয়। আমাদের রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে, ফাহাদ হত্যা তারই নগ্ন বহিঃপ্রকাশ।
তিনি বলেন, অবৈধ চুক্তি নিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাসই ছিল ফাহাদের অপরাধ। ফাহাদ দেশের স্বার্থের পক্ষে, জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলায় এ দেশীয় তাঁবেদাররা তাকে সহ্য করতে পারেনি।
এর আগে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।
