নেত্রকোনায় উসমানের রগ কাটল প্রতিপক্ষ

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:২২ পিএম

জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় উসমান গণি (৫০) নামের এক ব্যক্তির পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ।

শুক্রবার সন্ধ্যার পর বাউসি বাজারের দেওপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে ময়মনসিংহে প্রেরণ করেন। 

আহত উসমান উপজেলার আসমা ইউনিয়নের গোড়ল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

এ ব্যাপারে আহতের স্ত্রী জুলফা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে থানার ওসি বদরুল আলম খান নিশ্চিত করেছেন। 

ওসি বদরুল আলম খান আরো জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উসমান গণির সঙ্গে একই এলাকার সাইকুল ইসলাম ও তার ভাইদের বিরোধ চলে আসছিলো। এর জেরে শুক্রবার সন্ধ্যার পর দেওপুর বাজার থেকে উসমান গণি বাড়ি ফেরার পথে সাইকুল ও তার ভাইরা মিলে পথরোধ করে তার দুপায়ের রগ কেটে ফেলে। 

তিনি জানান, এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আহত গণিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

মামলার পর আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত