দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল-এর তৈরি করা গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি) বন্ধের ঘোষণা আসলেও রাতে তা আর ব্লক করা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
শুক্রবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘PUBG ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই’।
তবে এর আগে ডিএমপির সাইবার সিকিউরি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ ফ ম আল কিবরিয়া শুক্রবার বিকেলে দেশ রূপান্তরকে জানান, এটি বিটিআরসি বন্ধ করেছে। গেমটির বিরূপ প্রভাব নিয়ে অনেকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বেশ কয়েকবার আলোচনা হয়।
তিনি জানান, কয়েক দিন আগে বিটিআরসি এ গেম নিষিদ্ধ করে।
তিনি বলেন, এই খেলাটি শিশুদের মানসিকভাবে ক্ষতি করছে এমন অনেক অভিযোগ আমাদের কাছে আসার পর আমরা মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করি।
সাম্প্রতিক সময়ে ভারত, নেপাল, চীনসহ কয়েকটি দেশে পাবজি গেমটি নিষিদ্ধ করা হয়েছে। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে এই গেম।
