আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ফের সরগরম হচ্ছে ইউরোপের ক্লাব ফুটবল। বিরতির পর লা লিগায় নিজ নিজ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই শক্তিশালী দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময় শনিবার বিকেল পাঁচটায় এইবারের মাঠে খেলতে নামবে লিগের গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এদিন রাত একটায় মায়োরকার মাঠে খেলতে নামবে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল।
এইবারের বিপক্ষে বার্সেলোনার অতীত সাফল্যে ভরা। দলটির বিপক্ষে এখন পর্যন্ত ৩৩টি গোল করেছে কাতালান ক্লাবটি। এর মধ্যে লিগে গত দশ ম্যাচের সবকটিতেই গোল পেয়েছে তারা। বর্তমান কোচ এরনেস্তো ভালভেরদে কোচ হওয়ার পর এইবারের বিপক্ষে গত দশ ম্যাচের একটিতে মাত্র হেরেছে বার্সেলোনা।
এইবার যেন প্রিয় প্রতিপক্ষ বার্সেলোনা তারকা মেসির। দলটির বিপক্ষে নয়টি ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তার সতীর্থ লুইস সুয়ারেস ছয় ম্যাচ খেলে গোলের দেখা পেয়েছেন প্রতিটিতেই।
সবশেষ ম্যাচে গত মৌসুমে এইবারের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার পর ওই ম্যাচটিতে ২-২ গোলে ড্র করেছিল মেসিরা।
ম্যাচটিতে ডিফেন্ডার জেরার্দ পিকে ও ফরোয়ার্ড উসমানে দেম্বেলেকে পাচ্ছে না বার্সেলোনা। তাদের ওপর রয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা।
এইবারের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠারও সুযোগ যেতে পারে বার্সেলোনা। সেক্ষেত্রে অবশ্য দিনের অপর ম্যাচে মায়োরকার মাঠে হারতে হবে রিয়ালকে।
এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মায়োরকার মাঠে নামবে রিয়াল। তবে ম্যাচটিতে দলের তারকা দুই খেলোয়াড় উইঙ্গার গ্যারেথ বেল ও মিডফিল্ডার লুকা মদ্রিচের খেলা নিয়ে শঙ্কা আছে। হালকা চোটে আছেন তারা।
২০১২ সালের পর প্রথমবারের মতো মুখোমুখি হবে মায়োরকা-রিয়াল। এর আগে দল দুটির চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। ম্যাচ চারটিতে তারা গোল পেয়েছিল ১৬টি!
এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচ জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১৮। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে গ্রানাডা।
