গেল বছর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। কয়েক মাস গেলেই বয়স পৌঁছাবে চল্লিশের কোটায়। কিন্তু এই বয়সেও গোল করানোয় এতটুকু ধার কমেনি ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদিনহোর! এক প্রীতি ম্যাচে কলম্বিয়ার একটি ক্লাবের হয়ে খেলতে নেমে তেমন নৈপুণ্যই দেখালেন দুইবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
বৃহস্পতিবার সন্ধ্যায় আতলেতিকো ন্যাশিওনালের বিপক্ষে প্রীতি ম্যাচে সান্তা ফে’র ২-০ ব্যবধানের জয়ে দারুণ ভূমিকা পালন করেন রোনালদিনহো। এসি মিলান ও বার্সেলোনার সাবেক তারকার অসাধারণ এক 'নো লুক' পাসে গোল করেন সান্তা ফে'র হোসে লুইস কেইসেদো।
প্রতিপক্ষের সাতজন খেলোয়াড়কে পরাস্ত করে নেওয়া রোনালদিনহোর অসাধারণ ‘নো লুক’ পাসটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। টুইটারে একজন লিখেছেন, “মানুষটার মাঝে এখনও যাদু আছে।”
